ভূমিকম্পের পর নিউজিল্যান্ডে সুনামি

ছবির উৎস, AFP
নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আঘাত হেনেছে।
মার্কিন ভূতত্ব জরিপ বিভাগ বলছে, স্থানীয় সময় মধ্যরাতের পর (জিএমটি ১১:০২) ক্রাইস্টচার্চ শহরের ৯৫ কিলোমিটার দূরে ৭.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
ভূমিকম্পের প্রায় দুই ঘণ্টা পর উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূলে সুনামি আঘাত হানে। কর্মকর্তারা বলছেন, প্রথম ঢেউগুলো হয়তো সবচেয়ে বড় নয়, তবে কয়েক ঘণ্টা যাবত সুনামি চলতে পারে।
স্থানীয় বাসিন্দাদের উপকূল থেকে দূরে অথবা উঁচু জায়গায় আশ্রয় নিতে বলা হয়েছে।
নিউজিল্যান্ডের একটি আবহাওয়াবিষয়ক ওয়েবসাইট জানাচ্ছে, একটি ঢেউয়ের উচ্চতা ৮ ফুট ২ ইঞ্চি পর্যন্ত মাপা হয়েছে।

ছবির উৎস, FRESH CHOICE NELSON CITY
ওয়েলিংটনসহ অন্য কিছু এলাকায় অপেক্ষাকৃত কম উচ্চতার কিছু ঢেউ আঘাত হানছে।
তবে সিভিল ডিফেন্স মন্ত্রণালয় বলছে, সাউথ আইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে সর্বোচ্চ ১৬ ফুটেরও বেশি উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে।
ভূমিকম্পের পর আফটারশক চলতে থাকায় হাজার-হাজার স্থানীয় বাসিন্দা তাদের ঘরবাড়ি ছেড়েছেন বলে জানাচ্ছে রেডিও নিউজিল্যান্ড।








