বাংলাদেশ ও বিশ্বের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নানা খবর, তথ্য, বিশ্লেষণ ও মতামত পাবেন এই পাতায়। এছাড়াও থাকছে বিশ্বের গুরুত্বপূর্ণ খবরের আপডেট।
সরাসরি কভারেজ
সাইয়েদা আক্তার and শাকিল আনোয়ার
যশোর কিশোর সংশোধনাগারে সহিংসতায় নিহত ৩
বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা যশোরের একটি কিশোর সংশোধনাগারে দুইদলের সংঘর্ষ তিন কিশোর নিহত নিহত হয়েছে।
পুলিশ বলছে, সংশোধনাগারে বন্দি কিশোরদের দুটি গ্রুপের মধ্যে কথা কাটাকাটির জের ধরে এই সংঘর্ষ হয়। সে সময় লাঠি সোটা সহ ধারালো অস্ত্র ব্যবহার হয়েছে।
গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে হাসপাতালে নেওয়া হলে তাদের তিনজন মারা যায়।
এই তিনজনের দুই জনের বয়স ১৮, অন্যজনের বয়স ১৭।
পুলিশ জানিয়েছে এরা হত্যা এবং ধর্ষণের মত গুরুতর মামলার আসামী ছিল।
বাংলাদেশের তিনটি এমন সংশোধনাগারে ১৮ বছরের কম বয়সী অপরাধীদের রাখা হয়।
সম্পর্ক ‘স্বাভাবিক‘ করার সিদ্ধান্ত ইউএই ও ইসরায়েলের
ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) তাদের সম্পর্ক ‘স্বাভাবিক‘ করার সিদ্ধান্ত নিয়েছে।
এই দুই দেশের এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মি ট্রাম্প, ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহু এবং আবুধাবির যুবরাজ মোহাম্মদ আল নাহিয়ান এক যুক্ত বিবৃতিতে বলেছে “ঐতিহাসিক এই অগ্রগতি মধ্যপ্রাচ্যে শান্তিকে এগিয়ে নেবে।“
এর ফলে, এই তিন নেতা বলেছেন, “ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের কিছু এলাকা নিজের অংশ করে নেওয়ার পরিকল্পনা স্থগিত করবে।“
এখন পর্যন্ত ইসরায়েলের সাথে উপসাগরীয় কোনো আরব দেশের কূটনৈতিক সম্পর্ক নেই।
তবে ইরানের এ অঞ্চলের ইরানের প্রভাব নিয়ে উদ্বেগর কারণে অনানুষ্ঠানিক-ভাবে কয়েকটি দেশ ইসরায়েলের সাথে বেশ কিছুদিন ধরে যোগাযোগ রাখছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী টুইট করেছেন আজ “ঐতিহাসিক দিন।“
যুক্তরাষ্ট্রে ইউএই‘র রাষ্ট্রদূত ইউসেফ আল ওতাইবা এক বিবৃতিতে বলেছেন, “এই ঘটনা কূটনীতি এবং পুরো অঞ্চলের জন্য একটি বিজয়।“
ছবির উৎস, Reuters
ছবির ক্যাপশান, বিনইয়ামিন নেতানিয়াহু এবং যুবরাজ মোহামেদ আল নাহিয়ান
‘রাগে ফুঁসছে বেলারুশের মানুষ‘- বিবিসি সংবাদদাতা
বেলারুশের প্রেসিডেন্ট নির্বাচনে ফলাফলে ক্ষমতাসীন আলেকজান্ডার লুকাশেঙ্কোর বিজয়ের পর রোববার থেকে চলা গণবিক্ষোভ নজিরবিহীন চেহারা নিয়েছে। এখন পর্যন্ত কমপক্ষে দুজন মারা গেছে, গ্রেপ্তার হয়েছে প্রায় সাত হাজার।
বেলারুশের রাজধানী মিনস্ক থেকে বিবিসির তাতসিয়ানা মেলনিচুক লিখছেন, বেলারুশের মানুষ ‘রাগে ফুঁসছে।‘ তার পাঠানো রিপোর্ট তার ভাষাতে :
বড়, মাঝারি, ছোট শহরে থেকে শুরু করে গ্রাম পর্যন্ত বিক্ষোভ যেভাবে ছড়িয়ে পড়ছে বেলারুশে তার নজির নেই।
তারা দাবি করছেন প্রকৃতপক্ষে প্রধান বিরোধী প্রার্থী স্ভেতলেনা তিখানোভস্কিয়া নির্বাচনে জিতেছেন, এবং সরকারকে তা মেনে নিতে হবে।
আমি জানালা দিয়ে দেখছি তরুণ-যুবক নারী-পুরুষ বিক্ষোভ থেকে সরে কিছুটা বিশ্রাম নিয়ে আবার পুলিশের মুখোমুখি গিয়ে দাঁড়াচ্ছে।
আমার প্রতিবেশী কয়েকটি পরিবারে মায়েরা তার ছেলে-স্বামীকে ঘরে রাখার চেষ্টা করছেন।
প্রায় সাত হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এবং বিক্ষোভে না গেলেই যে আপনি গ্রেপ্তার এড়াতে পারবেন তার নিশ্চয়তা নেই।
যেমন আমার এক বন্ধুর ছেলে - যে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক - তাকে নির্বাচনের আগে কথা নেই বার্তা নেই আটক করে জেলে ভরা হয়। তিনদিন পর তাকে ছাড়া হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে, সহিংস বিক্ষোভ সামাল দিতে তারা যতটা প্রয়োজন ততটাই ব্যবস্থা নিচ্ছে। তারা বলছে, পুলিশের একশরও বেশি সদস্য জখম হয়েছে, যাদের মধ্যে ২৮ জনকে হাসপাতালে নিতে হয়েছে। সরকার বলছে, অনেক জায়গায় ইচ্ছে করে ট্রাফিক পুলিশের ওপর গাড়ি চালিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, এবং সে কারণে পুলিশকে অস্ত্র ব্যবহার করতে হয়েছে।
মানুষ রাগে ফুঁসছে - পুলিশের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে এবং প্রধানত প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর বিরুদ্ধে। আমি যাদের সাথেই কথা বলেছি, কেউই বলেননি পুলিশ যা করছে ঠিকই করছে।
ছবির উৎস, EPA
ছবির ক্যাপশান, বেলারুশের অনেক শহরে নারীরা সাদা পোশাক পরে হাতে হাত বেধে সরকারের বিরুদ্ধে বিক্ষোভে যোগ দিয়েছে।
চীনে খাদ্য অপচয় বন্ধে ‘অপারেশন খালি প্লেট
চীনে খাদ্য অপচয় নষ্ট বন্ধে প্রেসিডেন্ট শি জিন পিংয়ের ব্যক্তিগত উদ্যোগে শুরু হয়েছে ‘অপারেশন খালি প্লেট‘ আন্দোলন।
হোটেল-রেস্তরায় মানুষজনকে কম খাবার অর্ডার দেওয়ার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে।
প্রেসিডেন্ট শিকে উদ্ধৃত করে সরকারি মিডিয়ায় বলা হচ্ছে “খাদ্যের অপচয় ভীতিকর“ পর্যায়ে পৌঁছেছে।
প্রেসিডেন্ট শি বলেছেন, “মানুষকে সবসময় সচেতন থাকতে হবে যে কোনো সময় খাদ্য সঙ্কট দেখা দিতে পারে। এ বছর করোনাভাইরাস প্যানডেমিক খাদ্য নিরাপত্তা নিয়ে সাবধানতার প্রয়োজনীয়তা নতুন করে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে।“
চীনে দল বেঁধে খেতে গেলে অতিমাত্রায় খাবার অর্ডার দেওয়ার প্রচলন রয়েছ।
কিন্তু এখন সরকারি উদ্যোগে নানা প্রচারণায় মানুষজনকে হোটেল-রেস্তরায় অতিরিক্ত খাবার অর্ডার না করার জন্য বলা হচ্ছে।
সারা দেশে ক্যাটারিং প্রতিষ্ঠানগুলো প্রেসিডেন্টের আহ্বানে সাড়া দিয়ে তাদের অতিথিদের কম করে খাবার অর্ডার দিতে উৎসাহিত করছে।
রেস্তরাগুলো তথাকথিত ‘এন-ওয়ান‘ নীতি অনুসরণের চেষ্টা শুরু করেছে অর্থাৎ একটি টেবিলে যতজন অতিথি তার চেয়ে অন্তত একটি ডিশ কম অর্ডার দিতে বলা হচ্ছে।
ডিশে খাবারের পরিমাণ কমিয়ে দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
২০১৮ সালে চীনা বিজ্ঞান একাডেমী জানিয়েছিল, রেস্তরায় খেতে গিয়ে একেকজন প্রতিবার গড়ে ৯৩ গ্রাম খাবার নষ্ট করে।
সেই হিসাবে চীনের বড় শহরগুলোতে রেস্তরাগুলো গড়ে প্রতিবছর ১কোটি ৮০লাখ টন খাদ্য ফেলে দিচ্ছে।
ছবির উৎস, Getty Images
ছবির ক্যাপশান, চীনে দল বেঁধে খেতে গেলে অতিমাত্রায় খাবার অর্ডার দেওয়ার প্রচলন রয়েছ।
স্পেনে নতুন কোভিড সংক্রমণ ঠেকাতে ধূমপান নিষিদ্ধ
স্পেনের গ্যালিসিয়া প্রদেশে নতুন করে করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার জনসমক্ষে ধূমপান কার্যত নিষিদ্ধ হয়ে গেছে।
প্রাদেশিক সরকার এক নির্দেশনায় বলা হয়েছে, রাস্তা-ঘাট, হোটেল, রেস্তেরা বা বারে যথেষ্ট সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব না থাকলে ধূমপান নিষিদ্ধ থাকবে।
উত্তর-পশ্চিমাঞ্চলীয় এই প্রদেশে জনসমক্ষে ধূমপান নিষিদ্ধের এই সিদ্ধান্তের পর স্পেনের অন্যান্য আঞ্চলিক সরকারও তা বিবেচনা করছে।
স্পেনে নতুন করে সংক্রমণ ছড়িয়ে পড়ায় সরকারের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। জুন মাসে যেখানে সংক্রমণ ছিল দিনে দেড়শরও কম, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে দিনে কমপক্ষে দেড় হাজার।
গতমাসে স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক গবেষণায় বলা হয়, করোনাভাইরাস ছড়ানোর সাথে ধূমপানের সরাসরি সম্পর্ক রয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন - প্রথমত, ধূমপায়ীরা ফেস-মাস্ক পরেননা। তাছাড়া যখন তারা ধোঁয়া ছাড়েন তার সাথে ড্রপলেটস বা ক্ষুদ্র লালাবিন্দু বের হয় যাতে করে অন্যের সংক্রমিত করার ঝুঁকি তৈরি হয়।
কোভিড ঠেকাতে ধূমপানের ওপর বিশ্বের অন্যান্য কিছু দেশেও বিধিনিষেধ বসানো হয়েছ।
ব্রিটেনের এক গবেষণা বলছে, কোভিড প্যানডেমিক শুরুর পর গত কয়েক মাসে ১০ লাখেরও বেশি মানুষ ধূমপান ছেড়ে দিয়েছেন।
চীন বলছে সীমান্ত বিরোধ আরো জটিল করা উচিৎ নয় ভারতের
দিল্লিতে চীনা দূতাবাস থেকে বলা হয়েছে, সীমান্ত বিরোধকে আরো জটিল করে তোলা উচিৎ হবেনা ভারতের।
চীনা দূতাবাসের মুখপাত্র জি রং বুধবার রাতে এক টুইট বার্তায় বলেন, সমস্যা নিরসনে দু পক্ষকে একসাথে চেষ্টা করতে হবে। জি রং লেখেন, “আশা করি ভারত এমন কিছু করবে না যাতে সীমান্তে পরিস্থিতি আরো জটিল হয়। চীন আশা করে ভারত যেন সীমান্ত এলাকায় শান্তি এবং স্থিতিশীলতার উপযোগী পরিবেশ বজায় রাখে।“
১৫ই জুন লাদাখ সীমান্তের গালওয়ানে দুই দেশের সৈন্যদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০ জন ভারতীয় সৈন্য নিহত হয়। ঐ ঘটনার পর দুই দেশই সীমান্তে বিপুল সৈন্য সমাবেশ করেছে।
ভারতের চীনা দূতাবাস থেকে প্রকাশিত সর্বশেষ সাময়িকীতে চীন ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে চীনা রাষ্ট্রদূত সু উইডং লিখেছেন ‘যে কোনো সম্পর্কে টানাপড়েন থাকবে, কিন্তু কোনো দ্বিমতকে বিরোধে পরিণত করা ঠিক নয়।‘
“চীন ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে প্রেসিডেন্ট শি জিন পিং এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে রূপরেখা দিয়েছেন, সীমান্তে “দুঃখজনক“ একটি ঘটনায় তা নষ্ট করা ঠিক হবেনা।“
চীনা রাষ্ট্রদূত লেখেন, ৯০র দশকেই দুই দেশের মধ্যে বোঝাপড়া হয়েছে যে তারা পরস্পরের জন্য হুমকি নয়।
এই নিবন্ধে Xএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত X কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে 'সম্মতি দিচ্ছি এবং এগোন' বেছে নিন।
সতর্কবাণী: বিবিসির নয় এমন ওয়েবসাইটের কনটেন্টের জন্য বিবিসি দায়ী না
End of X post
মুরগীর ডানায় করোনাভাইরাস পেয়েছে চীন
চীনের দক্ষিণাঞ্চলীয় শহর সেনঝেনের কর্তৃপক্ষ জানিয়েছে ব্রাজিল থেকে আমদানি করা কিছু চিকেন উইংসের উপরিভাগ পরীক্ষা করে করোনাভাইরাস পজিটিভ হবার প্রমাণ পাওয়া গেছে।
খাবার হিসেবে চিকেন উইংস বিশেষ করে কম বয়েসীদের মধ্যে বেশ জনপ্রিয়।
স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ আমদানি করা খাদ্যপণ্যের যে রুটিন পরীক্ষা করে, তাতে এ প্রমাণ পাওয়া গেছে।
সেনঝেনের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সংক্রমিত এসব পণ্যের সংস্পর্শে যারা এসেছেন, কিংবা যেখানে এগুলো মজুদ করা হয়েছিল, নমুনা পরীক্ষা করে তাদের সবার নেগেটিভ এসেছে।
একদিন আগে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে এক খবরে বলা হয় দেশটির পূর্বাঞ্চলীয় শহর উহুতে একুয়েডর থেকে আমদানি করা ফ্রোজেন চিংড়ির প্যাকেটের ওপর করোনাভাইরাস পাওয়া গেছে।
পরপর এই দুইটি ঘটনার পর আমদানি করা হিমায়িত খাদ্যপণ্য কতটা নিরাপদ সে প্রশ্নে উদ্বেগ বাড়ছে।
জার্মানি, ফ্রান্স এবং স্পেনসহ ইউরোপে বাড়ছে নতুন সংক্রমণ
জার্মানিতে গত তিন মাসের মধ্যে দিনে সর্বোচ্চ করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হবার ঘটনা ঘটেছে। বুধবার দেশটিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে বলা হয়, একদিনে ১২০০’র বেশি রোগী শনাক্ত হয়েছে।
কর্মকর্তারা বলছেন, গ্রীষ্মের ছুটিতে দেশের বাইরে ভ্রমণে যাবার কারণে দেশের কিছু এলাকায় সংক্রমণের এই ঊর্ধ্বগতি ঘটেছে।
ফ্রান্সেও গত ২৪ ঘণ্টায় দুই হাজার ৫২৪ জন নতুন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন।
গত মে মাসে দেশটিতে আরোপ করা লকডাউন তুলে নেয়ার পর এটিই একদিনে সর্বোচ্চ সংক্রমণের ঘটনা।
এদিকে, স্পেনের কর্মকর্তারা মঙ্গলবার জানিয়েছেন দেশটিতে একদিনে ১৪১৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।
এখনো দেশটির ৬৭৫টি এলাকায় করোনাভাইরাসের উচ্চ সংক্রমণের ঝুঁকিতে রয়েছে।
দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা নতুন এই সংক্রমণকে দেশটির জন্য সবচেয়ে ‘গুরুতর পরিস্থিতি’ বলে বর্ণনা করছেন।
স্পেনে এ পর্যন্ত সোয়া তিন লাখের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন, পশ্চিম ইউরোপের দেশগুলোর মধ্যে এ হার সর্বোচ্চ এবং বিশ্বে সংক্রমণের দিক থেকে ১১তম অবস্থানে রয়েছে।
ছবির উৎস, EPA
কোভিড-১৯ মৃত্যুতে যুক্তরাজ্যকে ছাড়িয়ে গেল ভারত
করোনাভাইরাস সংক্রমিত হয়ে মৃত্যুর সবোর্চ্চ সংখ্যায় ভারত এখন বিশ্বের চতুর্থ স্থানে রয়েছে।
ভারতে বৃহস্পতিবার কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৪২ জন মানুষ।
এ নিয়ে দেশটিতে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট ৪৭ হাজার ৩৩ জন মানুষ মারা গেছেন।
ফলে সর্বোচ্চ মৃত্যুর হারে ব্রিটেনকে সরিয়ে চতুর্থ স্থানে উঠে গেছে দেশটি।
যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটি এন্ড মেডিসিনের তথ্যে দেখা যায় যুক্তরাজ্যে এখন কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ৪৬ হাজার ৭৯১ জন।
ভারতে একদিনে সর্বোচ্চ সংক্রমণের ক্ষেত্রেও রেকর্ড হয়েছে আজ।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৬৬ হাজার ৯৯৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।
দেশটিতে মোট সংক্রমিত রোগীর সংখ্যা প্রায় ২৪ লাখ।
ছবির উৎস, EPA
মেজর সিনহা রাশেদ হত্যাকাণ্ডের তদন্তে গণশুনানি
বাংলাদেশে পুলিশের গুলিতে নিহত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোঃ. রাশেদ খান হত্যাকাণ্ডের ঘটনায় গণশুনানি আয়োজন করা হচ্ছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি এই গণশুনানি করতে যাচ্ছে।
তদন্ত কমিটির সদস্য কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাহজাহান আলী বিবিসিকে বলেছেন, আগামী ১৬ই অগাস্ট দিন ব্যাপী এ গণশুনানি অনুষ্ঠিত হবে।
ঘটনার দিন অবসরপ্রাপ্ত মেজর সিনহা নিহত হবার আগে, ঘটনার সময় এবং ঘটনার পরবর্তী পরিস্থিতি যারা চাক্ষুষ প্রত্যক্ষ করেছেন, তাদের গণশুনানিতে হাজির হয়ে সাক্ষ্য দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এক্ষেত্রে সাক্ষীদের পরিচয়ের গোপনীয়তা রক্ষা করা হবে বলে তিনি জানিয়েছেন।
বুধবার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও তদন্ত কমিটির সদস্য মি. আলী স্বাক্ষরিত ওই গণবিজ্ঞপ্তি জারি করা হয়, যাতে বলা হয়েছে ১৬ই অগাস্ট রোববার সকাল ১০টা থেকে টেকনাফের শামলাপুর রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জের কার্যালয়ে গণশুনানি হবে।
গত ৩১ শে জুলাই রাতে টেকনাফে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোঃ. রাশেদ খান।
ছবির উৎস, সিনহা মো. রাশেদ খানের ফেসবুক পাতা থেকে নেয়া
ছবির ক্যাপশান, নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোঃ. রাশেদ খান
এক নজরে করোনাভাইরাস আক্রান্ত হবার সাধারণ উপসর্গ জেনে নিন..
নিউজিল্যান্ডে তিন মাস পর নতুন করে কোভিড-১৯ রোগী শনাক্ত
নিউজিল্যান্ডে নতুন করে ১৪ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন।
এ সপ্তাহের শুরুতে প্রথম যখন একই পরিবারের চারজন নতুন রোগী শনাক্ত হন, বিষয়টি সবাইকে বিস্মিত করেছিল।
কারণ গত তিন মাসের মধ্যে দেশটিতে কোন কম্যুনিটি সংক্রমণের ঘটনা ঘটেনি। নতুন শনাক্ত রোগীদের মধ্যে ১৩ জনই একটি পরিবারের সদস্য।
অপর আক্রান্ত ব্যক্তি সদ্যই বিদেশ থেকে ফিরে কোয়ারেন্টিনে ছিলেন। এদিকে, বুধবার দেশটির সবচেয়ে বড় শহর অকল্যান্ডে নতুন করে লকডাউন আরোপ করা হয়েছে।
দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডান বলেছেন, “বিষয়টির ভয়াবহতা এখন টের পাওয়া যাচ্ছে।”
ছবির উৎস, Getty Images
করোনাভাইরাস এলো কোত্থেকে, ছড়ালো কিভাবে - যতসব ষড়যন্ত্র তত্ত্ব
কে ছড়ালো করোনাভাইরাস - যুক্তরাষ্ট্র, চীন না ব্রিটেন? আসলেই কি এটি জীবজন্তুর দেহ থেকে মানুষের শরীরে ঢুকেছে নাকি জীবাণু অস্ত্রের ল্যাবরেটরি থেকে উদ্দেশ্যমূলক-ভাবে এটি ছড়িয়ে দেওয়া হয়েছে ?
সংক্রমণ যত ছড়িয়ে পড়ছে, তার সাথে পাল্লা দিয়ে ছড়িয়ে পড়ছে নানা ষড়যন্ত্র তত্ত্ব।
বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া সর্বশেষ হিসাব অনুযায়ী, কোভিড রোগীদের জন্য ডেডিকেটেড অর্থাৎ তাদের জন্য নির্ধারিত হাসপাতালগুলোতে অনেক শয্যা ফাঁকা রয়েছে।
কোভিড-১৯ আক্রান্ত রোগীদের এসব হাসপাতালে ঢাকা মহানগরীতে সাধারণ বেডের সংখ্যা সাত হাজার ৫২টি। এর মধ্যে খালি আছে চার হাজার ৮৬৩টি, অর্থাৎ রোগী ভর্তি আছেন দুই হাজার ১৮৯জন।
ঢাকা মহানগরীর এসব হাসপাতালে আইসিইউ বেডের সংখ্যা এই মূহুর্তে ৩০৫টি, এর মধ্যে ১০৯টি আইসিইউ বেড খালি।
ভর্তি আছেন ১৯৬জন।
ঢাকার বাইরে চট্টগ্রাম মহানগরীতে কোভিড-১৯ রোগীদের জন্য নির্ধারিত হাসপাতালে সাধারণ বেডের সংখ্যা ৭৮২টি, এর মধ্যে খালি আছে ৫৫৬টি।
রোগী ভর্তি আছেন ২২৬জন।
চট্টগ্রাম মহানগরীর এসব হাসপাতালে আইসিইউ বেডের সংখ্যা এই মূহুর্তে ৩৯টি, এর মধ্যে ভর্তি আছেন ১৮জন।
২১টি আইসিইউ বেড খালি রয়েছে।
এছাড়া বাংলাদেশে প্রায় দুই লাখ মানুষ কোভিড-১৯ চিকিৎসায় টেলিমেডিসিন সেবা নিয়েছেন।
সরকারের চালু করা হটলাইন, স্বাস্থ্য বাতায়ন, আইইডিসিআর এবং ৩৩৩ এসব নম্বরে ফোন করে এ পর্যন্ত এক কোটি ৮৭ লাখের বেশি মানুষকে কোভিড-১৯ সেবা দেয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
ছবির উৎস, Getty Images
বিশ্বে এখন আক্রান্ত দুই কোটি ২ কোটি ৪৭ লাখের বেশি মানুষ
বিশ্বে এখন করোনাভাইরাস আক্রান্ত দুই কোটি ২ কোটি ৪৭ লাখের বেশি মানুষ
বিশ্বে এখন করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা ২ কোটি ৪৭ লাখ ৮৮৭ জন মানুষ।
এর মধ্যে মৃত্যু হয়েছে ৭ লাখ ৪৫ হাজার ৯২৩ জনের।
যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটি এন্ড মেডিসিন এই তথ্য জানিয়েছে।
আক্রান্তের হারে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, দেশটিতে ৫১ লাখ ৯২ হাজারের বেশি মানুষের শরীরে পাওয়া গেছে এই ভাইরাস।
দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল আর তৃতীয় অবস্থানে রয়েছে ভারত।
বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত মোট শনাক্ত ২ লাখ ৬৬ হাজার ৪৯৮ জন
বাংলাদেশে বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী আগের ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ২৯৯৫ জন।
এই সময়ের মধ্যে কোভিড-১৯ রোগে ৪২ জনের মৃত্যু হয়েছে।
এই সময়ের মধ্যে মোট ১৪ হাজার ৭৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
বাংলাদেশে সব মিলিয়ে করোনাভাইরাসে আক্রান্ত মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা ২ লাখ ৬৬ হাজার ৪৯৮ জন।